নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে যুক্ত করতে রেলওয়ে উপদেষ্টার সঙ্গে বৈঠক

Spread the love

নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পের নেটওয়ার্কে যুক্ত করা এবং চাষাঢ়া আন্ডারপাস নির্মাণে করণীয় নির্ধারণের লক্ষ্যে রেলভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর রেলওয়ে ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৈঠকে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।বৈঠকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর চলমান কোনো একটি লাইন (সম্ভাব্য এমআরটি-২ বা এমআরটি-৭) সম্প্রসারণের মাধ্যমে নারায়ণগঞ্জকে মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়।নারায়ণগঞ্জের প্রতিনিধিরা বলেন, জেলার হাজারো কর্মজীবী মানুষ প্রতিদিন ঢাকায় যাতায়াত করেন। তাই সময়োপযোগী ও আধুনিক গণপরিবহন হিসেবে মেট্রোরেল সংযোগ এখন জরুরি।এছাড়া, চাষাঢ়া মোড় এলাকায় যানজট নিরসনে চাষাঢ়া রেলগেট থেকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানানো হয়। প্রতিনিধিরা জানান, এতে রেললাইনের কারণে সৃষ্ট যানজট থেকে শহরবাসী মুক্তি পাবে।রেলওয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “নারায়ণগঞ্জবাসীর এই দুই দাবি যৌক্তিক ও সময়োপযোগী। মেট্রোরেল সংযোগের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে ইতোমধ্যে বিবেচনাধীন রয়েছে।”তিনি আরও জানান, আন্ডারপাস নির্মাণের বিষয়ে রেলওয়ের একটি টেকনিক্যাল টিম আগামী ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ পরিদর্শনে আসবে। তারা প্রকল্পের নকশা ও ব্যয় নির্ধারণ করবে।নারায়ণগঞ্জের প্রতিনিধিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ঢাকা-নারায়ণগঞ্জ যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।বৈঠকে আরও উপস্থিত ছিলেন নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সিনিয়র সহ-সভাপতি মো. মোরশেদ সারোয়ার (সোহেল), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি নুরুদ্দিন এবং নারায়ণগঞ্জ চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *