
নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত অবস্থায় দুর্ধর্ষ সন্ত্রাসী শেখ সিফাত ওরফে কাটা সিফাতকে ছিনিয়ে নেওয়া হয়। অবশেষে সেই হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ।
তবে এ ঘটনায় তানভির হাসান জনি ওরফে ব্লেড জনি (৪২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত তানভির হাসান জনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকার মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে ব্লেড জনিকে গ্রেপ্তার করা হয় সেই সাথে ছিনিয়ে নেওয়া সিফাতের হাতে পড়ানো হাতকড়াটি উদ্ধার করা হয় বলে গণমাধ্যম কে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তাকে বন্দর থানায় দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার (৬ অক্টোবর) রাতে কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটায় কাটা সিফাতে বাহিনীর সদস্যরা।
একাধিক মামলার আসামি কাটা সিফাতকে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পরে থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে হাতকড়া পরিহিত অবস্থায় সন্ত্রাসী সিফাতকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় এসআই জামাল উদ্দিন (৪২), কনস্টেবল মোবারক (৪৮) ও শিহাবকে (৩৫) বেধড়ক মারপিটের শিকার হয়ে গুরুতর আহত হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, পুলিশ আক্রান্তের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ব্লেড জনিকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া হাতকড়াটি ও উদ্ধার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।