বাসদের বিক্ষোভ ও মানববন্ধন

Spread the love

মার্কিন মদতে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা বন্ধ এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক মানবাধিকার কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

রবিবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা বাসদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক প্রদীপ সরকার এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।

বক্তারা বলেন, “২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় ৬৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার বড় অংশ নারী ও শিশু। গাজা এখন সম্পূর্ণ অবরুদ্ধ। খাদ্য ও ওষুধের অভাবে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে।”

তারা আরও বলেন, “মানবিক সহায়তা পৌঁছে দিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানে বিভিন্ন দেশের শান্তিকামী নাগরিকরা অংশ নেন। কিন্তু আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী তাদের আটক করে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।”

নেতৃবৃন্দ অবিলম্বে সব মানবিক সহায়তা ও অধিকারকর্মীদের মুক্তি, গাজায় গণহত্যা বন্ধ এবং সব ধরনের অবরোধ প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে বাসদ নেতৃবৃন্দের নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *