
নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় পারিবারিক কলহের জেরে মিতু (২২) নামের এক তরুণী তার পাঁচ বছরের ছেলে রোহানকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু রোহানকে মৃত ঘোষণা করেন।
মিতুর অবস্থার অবনতি হলে পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টার দিকে সেখানেই তিনিও মারা যান।
নিহত মিতু ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মিতুর স্বামী একজন দিনমজুর। সংসারে অভাব-অনটন ও পারিবারিক কলহের কারণে দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার দুপুরেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
মিতুর মা নূর সাহারা বেগম জানান, “দুপুরে ওদের মধ্যে ঝগড়া হয়। পরে মেয়ে আমার বাসায় এসে বিষ খায়, ছেলেকেও বিষ খাওয়ায়। ঢাকা মেডিক্যালে আনার পর রোহানকে মৃত ঘোষণা করা হয়, আর মিতুকে বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যায়। আমার সব শেষ হয়ে গেল।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মা ও ছেলেকে রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। শিশুটিকে মৃত ঘোষণা করা হয়, পরে মিতুর অবস্থার অবনতি হলে তাকে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনিও মারা যান।”
তিনি আরও জানান, ঘটনাটি সোনারগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।