আলিরটেক প্রাইমারি স্কুলে ফ্যান চুরি

Spread the love

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৪নং মুক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরপর দুই রাতে ফ্যান ও বৈদ্যুতিক বাল্ব চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোতে বিদ্যুৎচালিত ফ্যান না থাকায় শিক্ষার্থীরা চরম গরমে ক্লাস করতে হিমশিম খাচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর রাতে ২টি ফ্যান এবং ৭ অক্টোবর রাতে আরও ৯টি ফ্যান ও কয়েকটি বৈদ্যুতিক বাল্ব চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা জানায়, এই গরমে ফ্যান ছাড়া ক্লাস করা অত্যন্ত কষ্টকর। তারা চোরদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে তারা স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসাইন বলেন,

“গত ২৫ তারিখ বিদ্যালয়টি পূজার ছুটিতে বন্ধ হওয়ার পর থেকে দুই রাতের ব্যবধানে মোট ১১টি ফ্যানসহ বেশ কিছু বৈদ্যুতিক বাল্ব চুরি করা হয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত চোরদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়টিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তারা বিদ্যালয়ের নিরাপত্তা জোরদার ও প্রশাসনের তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *