পুলিশবাহিনী সিপিবি ও বাসদ নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে’

Spread the love

সিপিবি নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ নেতা বেলাল ও মঞ্জুসহ ব্যাটারি রিকশা আন্দোলনের ৩০ জন গ্রেফতারকৃত নেতা-কর্মীর অবিলম্বে মুক্তি এবং সংশ্লিষ্ট মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শিবনাথ চক্রবর্ত্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি জেলার সাধারণ সম্পাদক শাহীন, বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য সেলিম মাহমুদ, এস এম কাদির, সিপিবি নেতা ইকবাল হোসেন।নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর ফ্যাসিবাদী শাসনের সময় সারা দেশে মানুষের জীবন বিপর্যস্ত ছিল। ওই সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে পুলিশী অভিযান ও নেতাকর্মীদের গ্রেপ্তার ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পরও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশবাহিনী সিপিবি ও বাসদ নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।নেতৃবৃন্দ আরও বলেন, গ্রেফতার নেতারা রিকশা শ্রমিকদের রুটিরুজির নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন। তারা আহতদের জীবন বাঁচাতে ব্যাটারি চালিত রিকশা ব্যবহার করে অ্যাম্বুলেন্সের কাজও করেছেন। কিন্তু প্রশাসন শ্রমজীবী মানুষের পেশা ও জীবন সংকুচিত করছে। বর্তমানে ব্যাটারি রিকশা চালকরা পরিবার নিয়ে অর্ধাহারে-অনাহারে জীবনযাপন করছেন।নেতৃবৃন্দ দাবি জানান, ব্যাটারি রিকশা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নীতি নির্ধারণ ও রেজিস্ট্রেশনের মাধ্যমে শহরে রিকশা চালানোর অনুমতি দেয়া, গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর অবিলম্বে মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *