
ফতুল্লার সস্তাপুরে ছাত্রলীগের কেডার অরনবকে ঘিরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার অভিযোগ; এলাকাবাসীর মধ্যে আতঙ্ক
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় ছাত্রলীগের কেডার অরনবকে ঘিরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবুরের ভাতিজা পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন।এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় অরনব এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। সাধারণ মানুষের ওপর বিভিন্ন ধরনের জুলুম-নির্যাতন চালানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে আরও জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন অরনব। তবে সম্প্রতি তিনি আবার এলাকায় প্রকাশ্যে দেখা দিতে শুরু করেছেন এবং কিছু স্থানীয় সন্ত্রাসীর আশ্রয়ে এলাকায় পুনরায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসীর দাবি, বর্তমানে তিনি আবারও মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন এবং দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। এতে করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়।