
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় লাল ইটের দোতলা মিউটার জাদুঘরে ঢুকলেই চোখে পড়ে অদ্ভুত সব সংগ্রহ—মানুষের খুলি, বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, অস্বাভাবিক রোগে আক্রান্ত মানুষের মুখমণ্ডলের মোমের ছাঁচ, চিকিৎসার পুরোনো সরঞ্জাম। এ যেন চিকিৎসাবিজ্ঞানের এক অদ্ভুত সংগ্রহশালা।
এ জাদুঘরে অনেক বছর ধরেই এক ব্যক্তির অস্বাভাবিক বিশাল অন্ত্র প্রদর্শিত হচ্ছিল। তাঁর পরিচয় ছিল শুধু আদ্যক্ষর জেডব্লিউ দিয়ে। কাচের পাত্রে রাখা নামহীন, মুখমণ্ডলহীন মানুষের এ অঙ্গের পাশে লেখা থাকত—জেডব্লিউ। সম্প্রতি তাঁর পরিচয় জানা গেছে। নাম—জোসেফ উইলিয়ামস। শুধু তাঁর অঙ্গ নয়, তাঁর জীবনের গল্পও এখন জাদুঘরে বলা হচ্ছে।